বিয়ের আসর থেকে কণে অপহরণ চেষ্টা মামলার আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে পিরোজপুরে মানববন্ধন
পিরোজপুরে বিয়ের আসর থেকে কণেকে অপহরণ চেষ্টার মামলার আসামী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিকসহ অন্য আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। শনিবার সকালে শহরের টাউনক্লাব সড়কে পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের মেয়ের বিয়ের আসর থেকে কণেকে (দেলোয়ার হোসেনের মেয়ে) অপহরণ চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, ছাত্রলীগ কর্মী আব্দুল আলীম (কণের প্রেমিক) ও মো. শাওনসহ ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামী করে গত ১২ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করা হলেও অজ্ঞাত কারণে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তারা বলেন, ছাত্রলীগ নামধারী এসব সন্ত্রাসীদের এ হেন অনৈতিক কর্মকান্ডের কারণে আজ দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই অবিলম্বে এসব ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবী জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান, গাজী আলাউদ্দিন, কণের সহপাঠী এ্যানী রহমান, সাবেক ছাত্রলীগ নেতা নাজিমউদ্দিন সোহেলসহ আওয়ামী লীগ ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর বিকেলে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের নিজ বাসভবনে তার মেয়ের বিয়ের আক্দ অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক অন্য আসামীদের নিয়ে তাদের বাড়িতে ঢুকে বিয়ের অনুষ্ঠান থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন উপস্থিত আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বাধা দিলে তার মেয়েকে অপহরণ করতে না পেরে বর পক্ষকে নানা হুমকি দেয়। এ ঘটনার পর গ্রাম থেকে আসা বর পক্ষের লোকজন ভয়ে বিয়ে বন্ধ করে তাদের বাড়িতে চলে যান। মেয়ের বিয়ে ভন্ডুল হয়ে যায়। এ ব্যাপারে কণের পিতা দেলোয়ার হোসেন অপহরণ চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক, ছাত্রলীগ কর্মী আব্দুল আলীম ও মো. শাওনসহ ২০/২৫ জনসন্ত্রাসীর বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন।
