বাগেরহাটে শিশু পাচার রোধে মানববন্ধন
“শিশু সুরক্ষা নিশ্চিত করুন, পাচার মুক্ত বাংলাদেশ গড়ুন” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিশ্ব মানব পাচার বিরোধী দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ইনসিডিন বাংলাদেশের সহযোগিতায় উদয়ন বাংলাদেশের বাস্তবায়নে মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, অবসপ্রাপ্ত শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আছাদ। মানববন্ধনে সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশু ও মানব পাচার প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে তাদের স্ব-স্ব জায়গা থেকে সচেতন হয়ে কাজ করতে হবে। যাতে গ্রাম অঞ্চলের দরীদ্র মানুষরাও বুঝতে পারেন মানব পাচার একটি বড় অপরাধ। পাচারের শিকার শিশু বা যে কোন মানুষের জীবনে অন্ধকার নেমে আসে। তারা স্বাভাবিক জীবন যাপন থেকে বঞ্চিত হয়।তাই মানব পাচারের বিরুদ্ধে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
