প্রধান সূচি

মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকা নিয়ে লাপাত্তা এনজিও ॥ প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ‘সানলাইফ উন্নয়ন সংস্থা’ নামের একটি এনজিও গ্রহকদের জমাকৃত ১৭ কোটি টাকা উধাও হয়ে গেছে। স্থানীয় নিম্নআয়ের লোকজনদেরকে অধিক মুনাফার আশ্বাস দিয়ে এনজিওটি এ টাকা আদায় করেছিল।
হঠাৎ করে সংস্থাটি তুষখালীর অফিস ছেড়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা টাকা ফেরৎ পাবার দাবীতে সোমবার সকালে তুষখালী-বড়মাছুয়া সড়কের ছোট মাছুয়া নামক স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সহস্রাধিক গ্রাহক। ঘন্টাব্যপী এ মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, গ্রাহক রোজি পারভীন, লাকী বেগম, পুতুল, খাদিজা, শাহজালাল, নূরজাহান, মালেক মোল্লা, নাসরিন, সেফালী, আসমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, সানলাইফ উন্নয়ন সংস্থাটি ১০ বছর মেয়াদী ডিপিএস, সঞ্চয়, দ্বিগুণ মুনফাসহ লোভনীয় প্রতিশ্রুতি দিয়ে ১ লাখ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়েছে। আমাদের শেষ পুঁজিটুকুও জমা করে আজ আমরা নি:স্ব হয়ে গেছি। গ্রাহকরা বক্তব্য রাখতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
রোজি পারভীন, সালমা, খাদিজা, পুতুল জানান, সানলাইফ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ওরফে জাফর ২০০২ সালে উপজেলার তুষখালী ইউনিয়নে একটি অফিস ভাড়া নেন এবং তাদেরকে মাসিক ৬ হাজার টাকা বেতনে মাঠ সমন্বয়কারি হিসেবে নিয়োগ দেন। এতে তারা উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক গ্রাহকের কাছ থেকে ১৭ কোটি টাকা আদায় করে দেন।
এ ব্যাপারে জানতে সানলাইফ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান ওরফে জাফর এর তিনটি মোবাইল নম্বরে (০১৭৭৫৮৫৪৬৩৩, ০১৭৮২৮১৯৬৪৩, ০১৯২৫৭৪৬১৩৫) কল করলে সবকটি নম্বর বন্ধ পাওয়া যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ. জ. মাসুদ্দুজ্জামান মিলু জানান, টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে অবহিত হয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial