প্রধান সূচি

ভান্ডারিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথে অবরোধ সৃষ্টি

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নে ১৬৪নং দক্ষিণ পূর্ব পশারিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের পথে বেড়া দিয়ে ও নালা কেটে অবরোধ সৃষ্টির অভিযোগ ওঠেছে ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুস সালাম ও তার সহয়োগীদের বিরুদ্ধে।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সীমা রানী গোলদার ভানডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তিনি বিষয়টি লিখিত ভাবে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন।

শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন খলিফা বিদ্যালয়ের সাইনবোর্ড ভেঙ্গে ফেলা এবং আলমিরা ভেঙ্গে বিদ্যালয়ের গুরুত্বপুর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার বিষয়টিও নির্বাহী অফিসারকে জানান। বিষয়টি লিখিতভাবে ভান্ডারিয়া থানা পুলিশকেও অবহিত করেছেন।

জানা গেছে, ওই বিদ্যালয়টির জমি দান করে আব্দুস সালাম। তখন বিদ্যালয়টি বেসরকারি ছিল। এটি যে সরকারি হবে এটি তার ধারণা ছিলনা। ২০১৩ সালের ১লা জানুয়ারি দেশের রেজিষ্টার এবং বেসরকারি স্কুল জাতীয়করণের ঘোষণা হয়। জাতীয়করণ প্রক্রিয়ার ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ২০১৪ সালে এ বিদ্যালয়টি জাতীয়করণ হয়। তার পর পরই বিদ্যালয়ের শিক্ষকদের নানাভাবে হয়রানি করে কয়েক দফায় ছয় লাখ টাকাও শিক্ষকরা দিয়েছেন। জাতীয়করণ হলেও শিক্ষকরা জাতীয়করণ হওয়ার পর থেকে পিছনের বেতন ভাতাসহ সকল বিল পান  ২০১৯ সালের প্রথম দিকে। এরপর থেকে প্রতিপক্ষদের দাবি শিক্ষকদের ওই সকল বিল তাদের দিয়ে দিতে হবে, তা না হলে তারা মামলা করে জমি ফেরৎ নেয়াসহ নানা ধরনের হুমকি প্রদান করে আসছে। এক পর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট দপ্তরসহ উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশে প্রতিকার চেয়ে অভিযোগ পত্র দাখিল করেন।

এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম অভিযোগপত্রের বিষয়টি নিশ্চিত করে ওই প্রধান শিক্ষককে একটি মামলা করার পরামর্শ প্রদানসহ থানা পুলিশকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন বলে জানান।

ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষসহ প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের কাছে (থানা পুলিশের ) নির্দেশনা আসলে তারা আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান ওসি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial