জমিজমা নিয়ে বিরোধে
পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
পিরোজপুর শহরতলীর খানাকুনিয়ারী গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় এনায়েত হোসেন মোল্লা নামে এক কৃষক নিহত হয়েছে। তার (এনায়েত) চাচাতো ভাইয়ের নেতৃত্বে সংঘবদ্ধ হামলায় তিনি নিহত হয়েছেন। গত রবিবার বিকেলে সংঘটিত এই সহিংসতার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আজ মঙ্গলবার ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনায়েত মারা যান বলে পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান। এনায়েত পিরোজপুর জেলা আইনজীবি সমিতি চত্বরে একটি চায়ের দোকান চালাতেন বলে জানা গেছে। নিহত এনায়েত হোসেন মোল্লা (৬০) পিরোজপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের খানাকুনিয়ারী এলাকায়র মৃত আব্দুল খালেক মোল্লার ছেলে।
নিহতের ছেলে আল-আমীন হোসেন জানান, তার বাবা এনায়েত হোসেনের সাথে একটি জমি নিয়ে জ্ঞাতি চাচা খল্লিল মোল্লার সাথে বিরোধ ছিল। এনায়েত শালিসিতে এ জমি পান। এতে ক্ষিপ্ত হয়ে গত রবিবার বিকেলে খলিল মোল্লার জামাই মোতালেব শেখ, খলিল মোল্লার ছেলে রাসেল মোল্লা, মোতালেব শেখের ছেলে শুভ শেখসহ এনায়েত মোল্লাকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এসময় তাদের সাথে শুভ্র, সুজন শেখ, জীবন মোল্লা, মেহেদী শেখ, সজিব শেখ, কওসার শেখ, অলি, মেহেদী মীরসহ আরও কয়েকজন এনায়েতের বাড়িতে ঢুকে হামলা করে তার মা আকলিমা বেগম ও বোনকেও আহত করে ঘরের মালামাল তছনছ করে। এ ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহতাবস্থায় এনায়েতকে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেন। এনায়েত সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাত ৪ টায় মারা যান।
পিরোজপুর সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, হামলার ঘটনায় রবিবার রাতে এনায়েত হোসেনের ছেলে আল-আমীন বাদী হয়ে ১১ জনকে আসামী করে একটি ফৌজদারী মামলা দায়ের করেন। তবে এনায়েত হোসেন নিহতের ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর আদালতের নির্দেশ মোতাবেক এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
