পিরোজপুরে ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
পিরোজপুরে জেলায় ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে পিরোজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বুধবার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের মূল এবং খুলনা বিভাগের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মো. আক্তার জামীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝুমুর বালা।
প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদ করণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যবস্থাপনা, এসএফ লিখন পদ্ধতি, হিসাব সংরক্ষণ পদ্ধতি, উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণে পিরোজপুর জেলার ৪০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, সার্ভেয়ার, অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ অংশগ্রহণ করেন।
