স্বরূপকাঠীতে তিন শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার চামি গ্রামে নয়টি মালটা চুরির অপরাধে তিন শিশুকে গাছের সাথে বেঁধে জুতা পিটা করেছেন মালটা বাগানের মালিক আব্দুল জব্বার মিয়া(৬০)। শনিবার সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের চামি গ্রামের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মালটা চুরির অপরাধে ওই শিশুদেরকে গাছে বেঁধে নির্যাতনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি গোটা উপজেলা ভাইরাল হয়ে পড়ে।
প্রাথমিকভাবে নির্যাতিত ওই শিশু তিনটির কারো নাম জানা যায়নি। তবে তারা প্রত্যেকেই ওই গ্রামেরই হত দরিদ্র পরিবারের ছেলে। তাদের প্রত্যেকের বয়স ১২ থেকে ১৩ বছরের মধ্য বলে জানা গেছে। তারা স্থানীয় একটি মুরগী ফার্মে কাজ করে।
স্থানীয় এক যুবক জানায়, তিন শিশু এলাকার একটি মুরগী ফার্মে কাজ করে। ওই দিন সকালে তারা জব্বার মিয়ার বাগান থেকে তিনজনে মিলে নয়টি মালটা চুরি করে। এসময় বাগান মালিকের ছেলে তাদের ধরে কয়েকটি চড় থাপ্পড় দিয়ে জব্বার মিয়াকে খবর দেয়। জব্বার মিয়া শিশুদেরকে বাড়ীতে এনে একটি রশি দিয়ে গাছের সাথে শিশু তিনটিকে বেঁধে জুতা দিয়ে মারেন।
ঘটনার বিষয় কিছুটা স্বীকার করে মালটা বাগান মালিক জব্বার মিয়া বলেন, সে তিন বছর ধরে মালটা বাগান করে আসছে। সকালে ওই শিশুরা বাগানে ঢুকে মালটা চুরি করে। তাই রাগের বশত: তাদের ধরে গাছের সাথে বেঁধে জুতা দিয়ে একটা পিটান দেয়া হয়েছে। এর বেশি কিছু নয়।
স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দীন জানান, ঘটনাটি আসলে খুব খারাপ। এর পরিনতি যে কত ভয়াবহ হতে পারে তা হয়তো ওই বাগান মালিক বুজতেও পারেনি।
