করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাটের পোশাকের দোকান বন্ধ
করোনা ভাইরাস প্রতিরোধে বাগেরহাট শহরের সকল পোশাক, জুতা ও কসমেটিক্স এর দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামের সভাপতিত্বে জরুরী সভায় বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির, পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলামসহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাড়ী কাপড়, ছিট কাপড়, কাটা কাপড়, তৈরি পোশাক, গার্মেন্টস আইটেম, জুতা, কসমেটিক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন বলেন, ঈদ উপলক্ষে নারী ও শিশুরা বিপনী বিতান, পোশাক ও কসমেটিক্সের দোকানে খুব ভীড় করছে। ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্যবিধি মানছে না। পৌরসভা ও চেম্বার অব কমার্সের স্বেচ্ছাসেবকরাও ক্রেতা-বিক্রেতাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সকল শাড়ী কাপড়, ছিট কাপড়, কাটা কাপড়, তৈরি পোশাক, গার্মেন্টস আইটেম, জুতা, কসমেটিকসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম বলেন, সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাগেরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সভায় বাগেরহাট শহরের সকল শাড়ী কাপড়, ছিট কাপড়, কাটা কাপড়, তৈরি পোশাক, গার্মেন্টস আইটেম, জুতা, কসমেটিকসের দোকান বন্ধ রাখার সিদ্দান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে।
