করোনাভাইরাস পরিস্থিতি
পিরোজপুর জেলা পরিষদের খাদ্য সহায়তা অব্যাহত
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম, বিভিন্ন স্থানে হাত ধোয়ার ব্যবস্থাকরণ, মাস্ক, হ্যান্ডগ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশ বিতরণের পাশাপাশি কর্মহীন মানুষের খাদ্য সহায়তা প্রদান করে চলছে পিরোজপুর জেলা পরিষদ।
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য জেলা পরিষদের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। জেলার ৩ হাজার অসহায় মানুষের মাঝে জেলা পরিষদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খানসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ জেলার প্রতিটি উপজেলায় ঘুরে ঘুরে এ খাদ্য সহায়তা প্রদান করেছেন। 
এছাড়া প্রতিদিনই জেলা পরিষদ কার্যালয় থেকে দেয়া হচ্ছে অসহায় দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা। করোনার ভয়াবহ দুর্যোগকালে সহায়তার জন্য জেলা পরিষদে আগত অসহায় মানুষদের সেবায় যথাসম্ভব চেষ্টা করে চলছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান। সারাদিন অফিসে থেকে অসহায় মানুষদের হাতে তুলে দিচ্ছেন একমুঠো ভাতের যোগান। আর অসহায় মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দিনরাত প্যাকেট তৈরীর কাজ করে চলছে।
জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে জেলার ৩ হাজার কর্মহীন শ্রমজীবীকে খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, আধা কেজি লবন এবং ১টি সাবানের একটি করে প্যাকেট দেয়া হয়েছে। 
এছাড়া সাধারণ জনগনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার মাস্ক, ১৬ হাজার হ্যান্ডওয়াশ, ৭ হাজার হ্যান্ড স্যানিটাইজার, ৫ হাজার সাবান এবং ২০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে হাত ধোয়ার জন্য স্থায়ীভাবে বেসিন বসানো হয়েছে।
এ বিষয়ে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার জনগনকে ঘরে থাকতে বলেছে। সরকারী অফিস-আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, গণপরিবহন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সবকিছু বন্ধ ঘোষণা করেছে। সরকারের এ নির্দেশনা মেনে জনগণ ঘরে অবস্থান নিয়েছে। এ পরিস্থিতে প্রতিদিনের খেটে খাওয়া মানুষজনসহ নিম্ন আয়ের এবং নিম্ন মধ্যবিত্তসহ মধ্যবিত্ত পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। তাদের এই দুর্দিনে জেলা পরিষদ সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে।
