পিরোজপুরের গ্রামীন জনপদে সামাজিক দুরত্ব বজায় রাখা কর্মসূচি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে পিরোজপুরে শহরের পাশাপাশি গ্রামরীন জনপদের মানুষজনও সচেতন হয়ে উঠছে। বর্তমানে গ্রামের মানুষগুলোও সরকারী নিয়ম মেনে দোকানপাট, যানবাহন চলাচল বন্ধ রেখে ঘরে থাকা কর্মসূচি বাস্তবায়নসহ সামাজিক দুরত্ব বজায় রেখে তাদের জরুরী কাজকর্ম করছে।
পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে সামাজিক দুরত্ব বজায় রাখার লক্ষে ইউনিয়ন পরিষদের সামনে নিরাপদ দুরত্বে থাকার জন্য গোল চিহৃ দিয়ে দেয়া হয়েছে। তিন ফুট করে দুরত্বে দুরত্বে এ চিহৃ এঁকে দেয়া হয়েছে। যাতে করে জরুরী প্রয়োজনে ইউনিয়ন পরিষদে আসা লোকজন সামাজিক দুরত্ব বজায় রাখতে পারে।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিদারুজ্জামান শিমুল জানান, এলাকার মানুষকে নিরাপদে রাখতে এবং সামাজিক দুরত্ব বজায় রাখার নিয়ম কানুন জানানোর জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে এভাবে সামাজিক দুরত্ব বজায় রাখার চিহৃ দেয়া হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষদের জেলা ও উপজেলা প্রশাসনসহ জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে খাদ্য সহায়তা ও নগদ টাকা প্রদান করা হচ্ছে। রবিবার জেলা প্রশাসনের উদ্যোগে ১০০ জন নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
