করোনাভাইরাস
মোবাইল মেকারের ব্যতিক্রমী উদ্যোগ
‘হাত ধুয়ে যান, হাত ধুয়ে যান!’ হাত ধোয়া শেষ হলে হাতে টিস্যু পেপার ধরিয়ে দিচ্ছেন কয়েকটি কালোজিরা চিবুতে। হ্যা’ এভাবে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার স্বরূপকাঠী পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে বাজারে বসে রাস্তার লোক থামিয়ে থামিয়ে এগুলো করছেন বাজারের মোবাইল মেকার ইউসুফ মিয়া। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক এ কাজটি তিনি নিজেই করছেন একজন স্বেচ্ছাসেবক হয়ে।
শুক্রবার ইউনিয়ন পরিষদের সামনে বাজারে এভাবেই মানুষকে ডেকে ডেকে স্যাভলন মিশ্রিত পানি দিয়ে হাত ধোয়াতে দেখা যায়। হাত ধোয়া শেষে হাত মুছতে টিস্যু পেপার দিয়ে খেতে দিচ্ছেন কালোজিরা।
কালোজিরায় করোনা সেড়ে ওঠে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘করোনাভাইরাস এখন একটি বিশ্ব মহামারি। এর ঔষধ আবিস্কারের জন্য সারাদেশ দিনরাত খেটে মরছেন। কালোজিরা নাকি সব রোগের ঔষধ। তাছাড়া ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফেও কালোজিরার কথা রয়েছে। তাই মানুষকে দিচ্ছি। উপকার না হয়ে থাকলেও ক্ষতিতো নেই।’
ইউসুফ মেকার স্বরূপকাঠি দক্ষিণ জগন্নাথকাঠি বন্দরের একজন মোবাইল মেকানিক্স। বাজারের সামাজিক সর্বজনের সাথে দেখা যায় তার সুসম্পর্ক। এই সংকটময় মূহুর্তে উপজেলায় অনেক ধনার্ঢ্যবান, জনপ্রতিনিধি, টাকাওয়ালাদেরকে এগিয়ে এসে জনকল্যাণমূলক এ কাজে দেখা না গেলেও কেন আপনার এ প্রচেষ্টা জানতে চাইলে তিনি বলেন, ‘দেশে যে বালা-মুসিবত শুরু হয়েছে তাতে আর কয় দিন বাঁচবো। দুই দিনের এই দুনিয়ায় জমিয়ে কি লাভ ? মানব সেবার চেয়ে দুনিয়ার কোন জিনিসে তৃৃৃপ্তি নেই।’
তিনি আরও বলেন, দেশের এই দু:সময়ে সমাজের যে যার অবস্থান থেকে এগিয়ে এসে জনকল্যাণমূলক কাজে লিপ্ত হতে পারলে আমরা মহান আল্লাহর নাম নিয়ে অবশ্যই এ করোনাভাইরাসের বিরুদ্ধে জয়ী হব।
