বাগেরহাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত
সারাদেশের মত বাগেরহাটেও নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী যদিও জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান সীমিত করা হয়েছিল। তারপরও নানা আয়োজনে জাতির জনকের জন্মদিন পালন করেছে বাগেরহাটবাসী।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে বেলুন উড়ানো ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাছির উদ্দিনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাগেরহাট সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে কেক কাটা ও শিশু রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বাগেরহাট সরকারি শিশু পরিবারের শিশুদের আমেনা ছামাদ বালিকা এতিম খানার শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় জাতির জনকের জন্মদিন উপলক্ষে। এছাড়াও জেলার সকল উপজেলায় স্বল্প পরিসরে জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করা হয়।
