স্বরূপকাঠীর কামারকাঠিতে অগ্নিকান্ড
জেলার স্বরূপকাঠী উপজেলার কামারকাঠি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর ভস্মিভূত হয়েছে। শনিবার রাতে কামারকাঠি গ্রামের শাহজাহান মিয়ার ঘরের দ্বিতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
শাহজাহান মিয়ার পুত্রবধু শান্তা জানান, ঘরের দ্বিতীয় তলায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। কিছু বুঝে ওঠার আগে আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। এরপর স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে স্বক্ষম হয়। আগুনে ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকাসহ সব কিছু পুড়ে ছাঁই হয়ে যায়।
স্বরূপকাঠি ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরিফুজ্জামান শেখ জানান, রাত সাড়ে ১০টায় আগুন লাগে। রাত ১০টা ৫৫ মিনিটে থানার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৬ লক্ষাধিক টাকা হবে বলে তিনি জানান।
