মোংলায় প্রকৌশলীর হাতে মারধরের শিকার ঠিকাদার
বকেয়া ঠিকাদারী বিল পরিশোধ বাবদ ঘুষ দিতে রাজি না হওয়ায় মোংলা পৌরসভার এক প্রকৌশলীর হাতে লাঞ্ছিতসহ মারধরের শিকার হয়েছেন মো. কামাল হোসেন ওরফে হাজী কামাল নামে পৌরসভার একজন ঠিকাদার। রবিবার সকালে পৌরসভার প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে ঠিকাদারদের ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ঠিকাদারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
থানায় দেয়া অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মোংলা পোর্ট পৌরসভার অধীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌরসভার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস এন্টারপ্রাইজ আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের বিল বাবদ ১০ লাখ ৯ হাজার টাকা ও আরো অতিরিক্ত কাজের ১ লাখ ২০ হাজার টাকা বকেয়া বিল পাওনা হয়। দীর্ঘদিন ধরে এ বিল পরিশোধ বাবদ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন ভূইয়া ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক কামাল হোসেন ওরফে হাজী কামালের কাছে মোটা অংকের টাকা উৎকোচ দাবি করে আসছিল। রবিবার সকাল ১০টার দিকে ঠিকাদার পৌরসভার প্রকৌশলীর কক্ষে গিয়ে বকেয়া বিল পরিশোধের অনুরোধ করলে ওই প্রকৌশলী পুনরায় উৎকোচ দাবি করেন। উৎকোচ প্রদানে রাজি না হলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উপ-সহকারী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন ভূইয়া তার কয়েকজন সহযোগী নিয়ে ওই ঠিকাদারকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারধর করাসহ গায়ের জামা ছিড়ে ফেলে। এক পর্যায়ে ঠিকাদারের কাছ থেকে নগদ টাকাও ছিনিয়ে নেয়। এদিকে এ ঘটনা ছড়িয়ে পড়লে ঠিকাদারদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করতে থাকে।
এ ঘটনায় ঠিকাদার কামাল হোসেন মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
