বাগেরহাটে ইউপি সদস্যের চোখ উপরে ফেলেছে দুর্বৃত্তরা
বাগেরহাটের মোড়েলগঞ্জে নাজমুল হাসান রানা (৪০) নামে এক ইউপি সদস্যের দুটি চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় যুবলীগ নেতা বলে জানা গেছে।
সোমবার রাত ১টার দিকে উপজেলার শেখপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রানার স্বজনেরা তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।।
রানা শেখপাড়া গ্রামের নুর আলী হাওলাদারের ছেলে এবং বারইখালী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা।
রানার স্ত্রী মুকুল বেগম বলেন, জাতীয় সংসদের বাগেরহাট-৪ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট আমিরুল আলম মিলনের সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে পরিকল্পিতভাবে হামলা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। তারা রানার দুটি চোখ ধারালো অস্ত্র দিয়ে খুচিয়ে উপড়ে ফেলেছে।
মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এডভোকেট তাজিনুর রহমান পলাশ বলেন, নাজমুল হাসান রানা দুইবারের নির্বাচিত ইউপি সদস্য। সে ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। নতুন যুবলীগের কমিটিতে সম্পাদকীয় পদে থাকার কথা রয়েছে তার। রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার ওপর নৃশংসভাবে হামলা চালিয়েছে।
মোড়েলগঞ্জ থানার এস আই দিপঙ্কর মন্ডল বলেন, আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। রানার ওপর হামলাকারীদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
