প্রধান সূচি

পরিবেশসম্মত আধুনিক নগরায়ণে বাংলাদেশকে আর্থিক সহযোগিতা করবে জাতিসংঘের ইউএন হ্যাবিটেট

পরিবেশসম্মত আধুনিক নগরায়ণে জাতিসংঘের ইউএন হ্যাবিটেট বাংলাদেশকে আর্থিক সহযোগিতাসহ সার্বিক সহযোগিতা প্রদান করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম ইউএন হ্যাবিটেটের নির্বাহী পরিচালক মাইমুনাহ মোহা. শরীফ।

মঙ্গলবার দুপুরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান ওয়ার্ল্ড আরবান ফোরামে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপির সাথে  বৈঠককালে মাইমুনাহ মোহা. শরীফ এ অঙ্গীকার ব্যক্ত করেন।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আফজাল হোসেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিক, গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সিদ্দিকুর রহমান ও মো. মোতাহার হোসেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. হারিজুর রহমান এবং প্রাক্টিক্যাল একশন, বাংলাদেশ-এর হেড অব প্রোগ্রাম হোসেন আদিব এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেন, নাগরিকদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসন নিশ্চিত করার মাধ্যমে টেকসই নগর ও জনপদ গড়ে তোলার জন্য বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে।  টেকসই নগরায়ণের জন্য সারাদেশে মাষ্টার প্ল্যান প্রণয়নের কার্যক্রম চলমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার একশ বছর পরের পরিকল্পনা ডেল্টা প্ল্যান প্রণয়ন করেছে। ইউএন হ্যাবিটেট বাংলাদেশের নগরায়ণ নীতিমালার উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারে।

মন্ত্রী আরো বলেন, মিয়ানমারের বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের জন্য খাদ্য, চিকিৎসা, আবাসন, স্যানিটেশনের ব্যবস্থা করা বাংলাদেশের জন্য অনেক কঠিন। এজন্য রোহিঙ্গা সংকট নিরসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশের প্রস্তাবিত ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন’ এবং ‘ভূমির পুনর্ব্যবহার আইন’ সমৃদ্ধকরণে কারিগরী সহায়তা প্রদান এবং টেকসই উন্নয়ন অভীষ্টের ১১তম অভীষ্ট অর্জন ও নতুন নগর এজেন্ডার কার্যকর বাস্তবায়নে বাংলাদেশ সরকারকে ইউএন হ্যাবিটেট অব্যাহত সহযোগিতা প্রদান করতে পারে বলে বৈঠকে মন্তব্য করেন গণপূর্ত মন্ত্রী।

উল্লেখ্য, ওয়ার্ল্ড আরবান ফোরামে গণপূর্ত মন্ত্রী গত ৯ ফেব্রুয়ারি মন্ত্রী পর্যায়ের গোলটেবিল  বৈঠকে অংশগ্রহণ এবং গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ঘানার যৌথ অংশগ্রহণে একটি নেটওয়ার্কিং ইভেন্টে সভাপতিত্ব করেন। এছাড়াও ফোরামে গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial