বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের অফিসে চুরি
বাগেরহাট শহরের সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় এখনও পর্যন্ত কোন রহস্য উদ্ধার করতে পারেনি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ক্লোজ সার্টিক (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে চোরদের সনাক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
সড়ক জনপথ বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, রবিবার রাতের কোন এক সময় চোররা অফিসের নিচতলার তিনটি কক্ষের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। কাগজপত্র তছনছ করে এবং আলমিরা ভাংচুর করে। একটি ল্যাপটপ নিয়ে যায়। পরের দিন সকালে এসে আমরা সিসি ক্যামেরায় মুখোশ পড়া একজনকে প্রবেশ করতে দেখা যায়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
শুধু সড়ক জনপথ নয় সম্প্রতি বােেগরহাট শহরের একাধিক বাড়ি, সরকারি কর্মকর্তার বাসভবন ও ব্যবসায়ির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাগেরহাট শহরে এভাবে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে রয়েছে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, সওজের অফিসে যারা চুরি করেছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করার চেষ্টা চলছে। এছাড়াও শহরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছি আমরা।
