পিরোজপুরে আমন ধান সংগ্রহ শুরু
পিরোজপুর সদর উপজেলার প্রান্তিক চাষিদের কাছ থেকে অভ্যন্তরীন আমন ধান সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা সিও অফিস খাদ্য গুদাম চত্তরে আমন ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ।
জেলা খাদ্য কর্মকর্তা সঞ্জিত চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রামান্দ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা শিপন চন্দ্র ঘোষ, উপজেলা খাদ্য কর্মকর্তা এস এম মোহেবুল্লাহ, খাদ্য পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ প্রমুখ।
এ বছর পিরোজপুর সদর উপজেলাসহ ৭টি উপজেলায় কেজি প্রতি ২৬ টাকা দরে মোট ৫ হাজার ১০৩ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করবে খাদ্য বিভাগ।
প্রান্তিক চাষীদের সর্বোচ্চ অগ্রধিকার দিয়ে আমন ধান সংগ্রহ শুরু করেছে খাদ্য বিভাগ।
পিরোজপুর সদর উপজেলায় ৬৭৯ মেট্রিকটন, ইন্দুরকানীতে ৫০৫, কাউখালীতে ৪১৮, মঠবাড়িয়ায় ১৬১৫, ভান্ডারিয়ায় ৭৬৩, নেছারাবাদে ৬৪৩ এবং নাজিরপুর উপজেলায় ৪৮০ মেট্রিকটন আমন ধান সংগ্রহ করা হবে।
