বাগেরহাটে ২১৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বাগেরহাটের শরণখোলা উপজেলায় খুলনা র্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর সদস্যরা রবিবার রাতে অভিযান চালিয়ে ইউসুফ আলী আকন (৪৯) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে। এ সময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২১৭ পিস ইয়াবা, একটি মোবাইল ফোন, একটি মেমোরী কার্ড ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীকে সোমবার সকালে শরণখোলা থানায় হস্তান্তর করার পর তাকে বাগেরহাট আদালতে পাঠিয়েছে পুলিশ।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ী ইউসুফ দীঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে। সে জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ, ফকিরহাটসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে মাদকের নেটওয়ার্ক গড়ে তোলে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে শরণখোলার পহলানবাড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে ইফসুফ আলী আকনকে আটক করে র্যাব। ওই মাদক ব্যবসায়ী শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের মৃত কদম আলী আকনের ছেলে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, খুলনা র্যাব-৬ এর স্পেশাল কোম্পানীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হায়দার বাদী হয়ে শরণখোলা থানায় ইউসুফের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।
