পিরোজপুরে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য উদ্ধার ॥ আটক ৪
পিরোজপুরের হুলারহাট বন্দর এলাকা থেকে ভারতীয় কাপড়ের পণ্য বোঝাই একটি ট্রলার আটক করেছে জেলা ডিবি পুলিশ।
গোপান সংবাদের ভিত্তিতে আজ বুধবার ভোর ৪ টার দিকে পিরোজপুরের ডিবি পুলিশ এসব ট্রলারে থাকা এসব পণ্য আটক করে। ট্রলার থেকে আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের ৬০ বস্তা ভারতীয় শাড়ী, থ্রি-পিস ও শীতের চাদর উদ্ধার করে। এ সময় ৪জন চোরা কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন বরগুনার বড় পাথরঘাটা গ্রামের নাজেম গোলদারের ছেলে জামাল গোলদার (৫০), বরিশালের চরমোনাই গ্রামের ইন্তেজ আলী হাওলাদারের ছেলে সেলিম (৫৬) ও কামাল খলিফার ছেলে সুরুজ (২৫) এবং ভোলার লালমোহন থানার পরাজগঞ্জ গ্রামের খোকন মিস্ত্রির ছেলে জুয়েল (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি স্টিলবডি ট্রলার দ্রুতবেগে চালিয়ে পিরোজপুরের হুলারহাট খালের ভিতরে ঢুকে পড়ে। এরপর বাজার ব্রিজের কাছে একটি শাখা খালের মধ্যে ট্রলার থেকে নেমে আসামীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে উল্লেখিত পণ্য উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। পিরোজপুরসহ এ অঞ্চলের নদী পথে ভারতীয় পণ্যের চোরাচালান বৃদ্ধির খবরে পুলিশ অভিযান চালিয়ে পণ্য উদ্ধার ও জড়িতদের গ্রেফতার করেছে। ধারণা করা হচ্ছে এসব পণ্য নৌ-যান থেকে নামিয়ে সড়ক পথে ঢাকা নেয়া হতো।
উল্লেখ্য, পিরোজপুরের পাড়েরহাট, মঠবাড়িয়ার তুষখালী ও বরগুনার পাথরঘাটাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানের কতিপয় চোরাচালানী দীর্ঘদিন থেকে সুন্দরবন ও বঙ্গোপসাগর হয়ে ভারতীয় নানা পণ্য ঢাকার বাজারে পাঁচারের কাজে লিপ্ত রয়েছে। বিভিন্ন সময়ে আইন শৃংখলা বাহিনী পিরোজপুরের পাড়েরহাট, তুষখালী, ভান্ডারিয়া ও বরগুনা জেলার পাথরঘাটায় নদী পথে অভিযান চালিয়ে ভারতীয় কাপড়সহ কোটি কোটি টাকার বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।
