সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলি দাফন সম্পন্ন
সড়ক দুর্ঘটনায় নিহত পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক ফারমিন মৌলি’র দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার দুপুর সোয়া ২টায় নাজিরপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম মাঠে তার প্রথম নামাজে জানাজা ও পরে উপজেলার আমতলা মাদরাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিহত ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলি’র মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহত ফারমিন মৌলি নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলি মঙ্গলবার দোলা পরিবহনের বাস যোগে ঢাকা থেকে গোপালগঞ্জ আসেন। সেখানে ব্যাক্তিগত কাজ শেষে ছাত্রলীগ নেতা রাকিবের সাথে তার মোটরসাইকেল যোগে পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরের বাসায় ফেরার পথে রাত ৮টার দিকে বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়ার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা একটি এ্যাম্বুলেন্সের ধাক্কায় মৌলি রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে স্থানীয়দের সহায়তায় টুঙ্গিপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৌলি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শেষে নাজিরপুরের বাসায় ফিরছিলেন।
এদিকে, কলেজ ছাত্রী ফারমিন মৌলির অকাল মৃত্যুতে নাজিরপুরের তার পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম বয়ে যাচ্ছে। নাজিরপুর উপজেলার সর্বত্রই শোকের শায়া নেমে এসেছে। বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ২ ঘন্টা নাজিরপুরে উপজেলা সদরের সকল দোকান-পাট বন্ধ রাখা হয়।
ছাত্রলীগ নেত্রী ফারমিন মৌলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ, দৈনিক পিরোজপুর কন্ঠ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত একটি বিবৃতিতে শোক প্রকাশ করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
