ইসলামের বিধান পালনকারীরা জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসী কর্মকান্ড করতে পারে না … গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এমপি বলেছেন, যারা ইসলামের বিধান সঠিকভাবে পালন করে তারা মানুষ পোড়ানো, জঙ্গিবাদ কিংবা কোন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত হতে পারে না। আইএস হচ্ছে মুসলমানদের ক্ষতি করার জন্য ইসরাইলী অর্থায়নে পরিচালিত একটি সংগঠন। ইসলাম কখনও এ ধরণের সংগঠনকে সমর্থন করে না। তাই মুসলমানদের কুরআন ও হাদীসের বিধান মেনে চলতে হবে।
আজ শুক্রবার জুমার নামাজের পর শারছীনা দরবার শরীফের ১২৯তম বার্ষিক মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলেমদের জন্য বর্তমান সরকারে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় খরচে আলেমদের হজ্বের ব্যবস্থা করেছে, যা বিগত দিনে অন্য কোন সরকার করেনি।
মন্ত্রী বলেন, দেশের এক পঞ্চমাংশ মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত হচ্ছে। শিক্ষিত এই বড় জনগোষ্ঠীকে পিছনে রেখে কোন জাতি এগিয়ে যেতে পারে না। তাই তাদের কথা বিবেচনা করে বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার একটি স্তরকে এমএ পাশের মর্যাদা দিয়েছে। যার মাধ্যমে তারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চাকরির সুযোগ পাবে।
ইসলামের জন্য বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের ৫৬০টি মাদ্রাসায় ৫ তলা বিশিষ্ট ভবন করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছে, যা দ্রুতই বাস্তবায়ন হচ্ছে। এছাড়া প্রত্যেকটি জেলা ও উপজেলা সদরে সরকারি খরচে একটি করে মসজিদ করে দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।
ইসলামের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ঢাকায় তাবলীগ জামায়াতের জন্য কাকরাইলে সরকারি খরচে পার্ক ভেঙ্গে মসজিদ এবং টঙ্গীতে বিশ্ব ইজতেমার জন্য জায়গা করে দিয়েছেন।
মাহফিল অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
