প্রধান সূচি

গ্রাহকদের নিয়ে পিরোজপুরে পল্লী বিদ্যুৎ সমিতির উঠান বৈঠক

পিরোজপুরের পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে গ্রাহক প্রান্তে উপস্থিত হয়ে সরাসরি গ্রাহকদের সাথে আলোচনা, মতামত গ্রহণ এবং সমস্যা সমাধানের লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর সদর উপজেলার নরখালীতে বৃহস্পতিবার এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ পরবর্তী ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন রক্ষনাবেক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনে আসা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) এর উপস্থিতিতে উক্ত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকের আগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন রক্ষনাবেক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনসহ স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন। পিরোজপুর সদর উপজেলার ৫নং টোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে পল্লী বিদ্যুৎ সমিতির বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দিপংকর মন্ডল, বাপবিবো চেয়ারম্যানের একান্ত সচিব মো. মঈনুল হাসান, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী এস এ এম আহসানুল আলম, পিরোজপুর পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. নজরুল ইসলাম সিকদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. সরোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক, সাধারণ জনগণ এবং পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর পবিসের জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মফিজুর রহমান। তিনি সকলকে নিরাপদ বিদ্যুৎ ব্যবহারসহ দালাল নির্মূল এবং পবিসের সার্বিক কর্মকান্ডে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

উঠান বৈঠকে বাপবিবোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবঃ) উপস্থিত জনসাধারণ ও পল্লী বিদ্যুৎ এর গ্রাহকবৃন্দের সাথে পল্লী বিদ্যুৎ এর সেবা বিষয়ে আলোচনা করেন। তিনি উপস্থিত সকলকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধসহ যেকোন বিষয়ে সরাসরি পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করার আহবান জানান। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার “ঘরে ঘরে বিদ্যুৎ” পৌছে দেয়ার অংঙ্গীকার বাস্তবায়নে পল্লী বিদ্যুতায়ন কাজ আরও গতিশীল করার জন্য “আলোর ফেরিওয়ালা” কার্যক্রমের উপর আলোকপাত করেন। এছাড়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে ক্ষতিগ্রস্থ বৈদ্যুতিক লাইন পূর্নগঠন ও গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে খোঁজ খবর নেন। তিনি উপস্থিত গ্রাহকদের বিভিন্ন মতামত গ্রহন করেন এবং পিরোজপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ও কর্মকর্তাদের সকলকে গ্রাহক সেবা নিশ্চিতসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে আন্তরিকভাবে কাজ করার জন্য নির্দেশ দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পিরোজপুর পবিসের এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর শেখ মহিদুল ইসলাম।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial