লবন নিয়ে গুজব ॥ পিরোজপুরে লবন ক্রয়ে হিড়িক
পিরোজপুরে মঙ্গলবার দুপুরের পর থেকে লবন নিয়ে গুজব শুরু হয়েছে। ‘লবনের দাম বাড়বে এবং লবন পাওয়া যাবে না’ এ জাতীয় গুজব ছড়িয়ে পড়ায় বিকেল থেকে পিরোজপুর পৌর বাজারসহ জেলার বিভিন্ন বাজারে লবন কেনার হিড়িক লেগে যায়। হঠাৎ করে ক্রেতাদের সংখ্যা বেড়ে যায়। পুরুষদের পাশাপাশি মহিলা ক্রেতারা লবন কেনার জন্য ভীড় জমান বাজারে। আর এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী লবনের দাম বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে প্রশাসনের কঠোর পদক্ষেপে পিরোজপুর পৌর বাজারে লবনের দাম আগের মতই আছে।
এদিকে, পিরোজপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা পিরোজপুর বাজার পরিদর্শন করে ব্যবসায়ী ও ক্রেতাদের কোন প্রকার গুজবে কার না দেওয়ার আহবান জানিয়েছেন।
এদিকে, লবন নিয়ে গুজবে কান না দেওয়া এবং কোন পকোর গুজব না ছড়ানোর জন্য পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় শহরে মাইকিং করা হয়েছে। সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকা এবং ক্রেতা প্রতি দুই প্যাকেটের বেশী লবন বিক্রি না করার জন্য মাইকিং করা হচ্ছে।
এদিকে, মঙ্গলবার রাতে অতিরিক্ত দামে লবন বিক্রির অভিযোগে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার এক দোকানীকে ৫ হাজার ঠাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পিরোজপুর সদর থানার ওসি মো. নূরুল ইসলাম বাদল জানান, লবন নিয়ে গুজব ছড়ানো কারণে সন্ধ্যার পরে পিরোজপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রামানন্দ পালের নেতৃত্বে অভিযান চালানো হচ্ছে। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে লবন বিক্রির অভিযোগে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, লবন নিয়ে গুজব ছড়ানো বিষয়ে সতর্ক থাকা এবং বাজারে লবনসহ নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম স্থিতিশীল রাখাসহ কৃত্রিম সংকট বন্ধে মঙ্গলবার রাতে জরুরীভাবে জেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা জেলা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।
