আইএস এর ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, আইএস বা ইসলামিক স্টেট ইসরাইল সৃষ্ট একটি নিষিদ্ধ সংগঠন। ইসলামের নামে তারা অরাজকতা সৃষ্টির মাধ্যমে সারা বিশ্বের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। তারা ইসলামের শত্রু। তাই তাদের ব্যাপারে ইমাম-আলেমসহ সকলকে সতর্ক থাকতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় ইমাম সমিতি আয়োজিত জঙ্গীবাদ, উগ্রবাদ, মাদক, সন্ত্রাসসহ সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে ইমাম ও আলেমদের করণীয় শির্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, ইসলাম কখনও অন্য কোন ধর্মের মানুষকে আঘাত করার অধিকার দেয় নি। বরং ইসলামের দায়িত্ব অন্য সকল ধর্মের মানুষের জান-মাল রক্ষা করা।
ইসলামের সঠিক দাওয়াত সর্বক্ষেত্রে পৌঁছে দেওয়ার জন্য আহবান জানিয়ে মন্ত্রী বলেন, খেয়াল রাখবেন কেউ যাতে বিভ্রান্ত হয়ে জঙ্গি সংগঠনের সাথে জড়িত না হয়। এদেশ স্বাধীন হওয়ার পর বর্তমান সরকার ইসলামের কল্যাণে যত কার্যক্রম গ্রহন করেছে তা অন্য কোন সরকার করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ধর্মপ্রান মানুষ তিনি প্রতিদিন সকালে কোরআন শরীফ তেলাওয়াত করেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়ন, ইমাম আলেমদের উন্নয়নে যে ভূমিকা রাখছে অতীতে কোস সরকারই তা করে নি। বর্তমান সরকার প্রত্যেকটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মান করছে। মসজিদের ইমামদের কল্যাণে নানামূখী পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি সরকার রাষ্ট্রের সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছে।
ইমামদের বিভিন্ন সমস্যার কথা সরকারের উচ্চ মহলে পৌছাবেন বলেও ইমামদের আস্বস্ত করেন মন্ত্রী।
দুর্নীতির সাথে জড়িতদের সতর্ক করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের ব্যাপারে খুবই কঠোর। এক্ষেত্রে নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদেরও কোন ছাড় দিচ্ছেন না জানিয়ে মন্ত্রী বলেন এ অভিযান উপজেলা পর্যায়েও পৌঁছাবে। দুর্নীতির সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি পিরোজপুরের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে বলেন, পিরোজপুরে বিগত দিনে মাদকের রমরমা ব্যবসা করে অনেকে প্রভাবশালী নেতার জোরে, প্রশাসনের সাথে সখ্যতা করে পাড় পেয়ে গেছেন। কিন্ত আমার সময়কালে তা আর হবে না। যিনি দুর্নীতির সাথে জড়িত হবেন, মাদক ব্যবসা, মাদক সেবনের সাথে জড়িত থাকবেন, স্কুল-কলেজের সামনে দাড়িয়ে মেয়েদের উত্যক্ত করবেন, চাঁদাবাজি করবেন তিনি যে নেতার লোক বা ক্যাডার হন না কেন কঠোর ব্যবস্থা নেয়া হবে। 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এবং পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কে. এম. সা’দ উদ্দিন এর সভাপতিত্বে সভায় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আলী আজম, পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেকসহ ইমাম ও আলেম সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক মসজিদের ইমাম ও আলেমদের মধ্যে অনুদানের অর্থ, সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন মন্ত্রী। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া্ মোনাজাত করা হয়।
