চার দিন ধরে অন্ধকারে স্বরূপকাঠী ॥ দুর্ভোগে ৫৮ হাজার বিদ্যুৎ গ্রাহক
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার প্রায় ৩শ’ কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের আঘাতে উপজেলার বিদ্যুৎ লাইনের ৭০টি খুঁটি ভেঙ্গে গেছে। বিদ্যুতের ৩৩ কেভি সঞ্চালন লাইনের অধিকাংশ লাইন ছিড়ে গেছে। ফলে গত ৪ দিন ধরে অন্ধকারে রয়েছে পুরো উপজেলা। আর এতে করে চরম ভোগান্তি আর নিরাপত্তাহীনতায় রয়েছেন উপজেলার ৫৮ হাজার বিদ্যুৎ গ্রাহক।
উপজেলা পল্লী বিদ্যুৎ বিভাগের কৌড়িখাড়াধীন জোনাল অফিসের ডিজিএম মো. আনোয়ার হোসেন এ কথা জানিয়েছেন। তিনি লাইন সংস্কার করে পুরো পৌর শহরে বিদ্যুৎ সরবারহ দিতে তাদের আরো তিন থেকে চার দিন সময় লাগবে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, বুধবার রাতের মধ্যে উপজেলা সদর ও বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ দিতে পারবেন।
তিনি আরও জানান, উপজেলায় দ্রুততার সাথে বিদ্যুৎ সরবারহ স্বাভাবিক করতে তাদের শতাধিক লোক ক্ষতিগ্রস্ত লাইন ও খুঁটি মেরামত করতে একযোগে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে স্বরূপকাঠী উপজেলায় দেখা দেয় ঘূর্নিঝড় বুলবুলের আলামত। ওই দিন থেকে শনিবার পর্যন্ত অবিরাম গুড়ি গুড়ি বৃষ্টিসহ হালকা বাতাস বয়ে যাচ্ছিল। পরদিন রবিবার দুপুরে মুশলধারে বৃষ্টির আর ঝড়ো ধমকা হাওয়া দিয়ে আধা ঘন্টায় ঘূর্নিঝড় বুলবুলে লন্ডবন্ড হয়ে যায় উপজেলার পাঁচ শতাধিক ঘরবাড়ি। বিপর্যস্থ হয়ে পড়ে উপজেলার অধিকাংশ বিদ্যুৎ লাইন। বিদ্যুৎ লাইনের উপরে বিভিন্ন স্থানে বড় বড় গাছ পড়ে তছনছ হয়ে যায় বিদ্যুতের খুঁটিসহ ৩৩ কেভি লাইন। সে দিন থেকে অন্ধকারে রয়েছে পুরো উপজেলা।
এদিকে, বিদ্যুতের অভাবে বিঘিœত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক। বিদ্যুৎ নির্ভর ত্রি-হুইলার অটো ও অটোরিক্সাগুলোর ব্যাটারী চার্জ দিতে না পারায় তা চলাচল বন্ধ হয়ে গিয়ে অভ্যন্তরীন যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুতের অভাবে নষ্ট হচ্ছে দোকানপাট ও বাসাবাড়ীর ফ্রীজজাত পণ্য সামগ্রী, মাছ, মাংসসহ খাবার সমূহ। মোবাইল চার্জ করতে মানুষজন প্রতিদিন ভীড় করছে জেনারেটর নির্ভর দোকান ও প্রতিষ্ঠানে।
