বিদ্যুৎ বিহীন রয়েছে জেলা ॥ নিহতদের জন্য দোয়া মোনাজাত
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে পিরোজপুরে ব্যাপক ক্ষতি
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর আঘাতে পিরোজপুরে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। নিম্নঞ্চল ও নদী তিরবর্তী এলাকা পানিতে প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে মৎস্য ঘের ও সবজি ক্ষেত।
বিভিন্ন স্থানে বিদ্যুৎ লাইনের উপর গাছ পড়ে বিদ্যুৎ লাইন বিপর্যস্ত হয়ে পড়ে। সোমবার রাতে জেলা শহরে অল্প কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ দেয়া হলেও পৌর এলাকার বেশীরভাগ এলাকাসহ জেলার সকল উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
পিরোজপুর বিদ্যুৎ বিভাগের আবাসিক নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলাম খান জানান, পিরোজপুরের ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের উপর বিভিন্ন স্থানে গাছ পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া জেলা শহরের বিভিন্ন স্থানের বিদ্যুৎ সরবরাহ লাইনেও গাছ পড়ে লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এসব লাইন সংস্কার করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কয়েকদিন সময় লাগবে।
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক হিসেব অনুযায়ী পিরোজপুর জেলায় আড়াই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলার ৭ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেড় লাখ মানুষ। ২০ লাখ টাকার গবাদী পশুর ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির আরও নিরুপন চলছে। তিনি জানান, জেলায় ১ জন নিহত হয়েছে। নিহত পরিবারকে ক্ষতিপূরনের জন্য ২৫ হাজার টাকা বরাদ্ধ করা হয়েছে। ঘরবাড়ি বিধ্বস্ত পরিবারগুলোকে ৫ হাজার টাকার করে ক্ষতিপূরণ দেয়া হবে।
পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে নিহতদের মাগফেরাত কামনায় সোমবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে দোয়া মোনাজাত করা হয়েছে। পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ জানান, বুলবুলের আঘাতে নিহতদের জন্য ২০ হাজার টাকা এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারকে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হচ্ছে।
