অগ্নিকান্ড সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে হবে … আনোয়ার হোসেন মঞ্জু
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, অগ্নিকান্ডের মত দুর্যোগ-দুর্ঘটনা মোকাবেলায় আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। ফায়ার ব্রিগেড আগের তুলনায় আধুনিক যন্ত্রপাতি সজ্জিত বলে এ অগ্নি দুর্ঘটনা দ্রুত সামাল দিতে পারে। তবে শহর ও গ্রামে আগুন সম্পর্কে মানুষের সচেতনতা যথেষ্ট নয়।
বুধবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, গ্রীষ্মকালে এমনকি কখনো কখনো শীতকালেও বিভিন্ন জায়গায় অগ্নিকান্ড ঘটে। বাজার ও কলকারখানায় এ ঘটনা বেশী ঘটে বলে অনেক ক্ষতি হয়। আজ থেকে প্রায় ২৫ বছর আগে আমরা এখানে একটি ফায়ার স্টেশন নির্মাণ করেছি। আগে অগ্নি নির্বাপনের জন্য আধুনিক যন্ত্রপাতি ছিলনা। পূর্বে ভান্ডারিয়া বাজারে রাস্তা-ঘাটের অভাবে ফায়ার সার্ভিসের গাড়ি দুর্ঘটনাস্থলে যেতে পারতো না। যে কারণে আগুন নেভাতে যেমন বেগ পেতে হতো তেমনি ক্ষয়ক্ষতিও ঘটতো বেশী বেশী। এখন আর সেই সমস্যা নেই। এখন বিভিন্ন স্থানে হাসপাতালের মত বড় বড় ভবন নির্মাণ হচ্ছে। তেরী করা হচ্ছে দ্বিতল-ত্রিতল বাড়িও। তবে আমাদের দেশের মানুষ এখনও অগ্নিকান্ড সম্পর্কে সচেতন হয়ে উঠেনি। অসাবধানতার কারণে বাজার বা বাড়িঘরে অগ্নিকান্ড সম্পর্কে সকলকে আরো সচেতন হতে হবে। জনগণও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের সহযোগিতা করবেন। সচেতনতা, প্রস্তুুতি, প্রশিক্ষণ হচ্ছে দুর্যোগ মোকাবেলায় সর্বোত্তম উপায়।
আনোয়ার হোসেন মঞ্জু এমপি আরও বলেন, এখন দেশে অগ্নি নির্বাপনের জন্য উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক যন্ত্রপাতি যানবাহন ব্যাবহার করা হচ্ছে। আমি বিশ^াস করি ফায়ার সার্ভিসে ভান্ডারিয়ায় যারা নিয়োজিত আছেন তারা অবশ্যই দক্ষ। তার পরেও যদি কোন কিছুর প্রয়োজন হয় আমাদের জানাবেন এবং এখানে আধুনিক যন্ত্রপাতির জন্য আমরা কেন্দ্রীয় ভাবে এ বিষয়ে আলাপ-আলোচনা করবো যাতে এখানে আধুনিক যন্ত্রপাতি পাওয়া যায়। অগ্নিকান্ডের ঘটনা পৃথিবীর অনেক দেশেই ঘটে। ভা-ারিয়ার মানুষের মধ্যে ঐক্য থাকায় আপনাদের কাজে সর্বাত্মক সহযোগিতা পাবেন।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ফায়ার সার্ভিসের ভান্ডারিয়ার স্টেশন অফিসার মো. ফারুক হোসেন হাওলাদার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান, পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, পৌর সহায়ক কমিটির সদস্য ইউসুফ আলী আকন, পিরোজপুর জেলা পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ।
পরে আনোয়ার হোসেন মঞ্জু এমপি জেপির ভান্ডারিয়া উপজেলা আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দার অসুস্থ হওয়ায় তাকে দেখতে তার ভান্ডারিয়া বাস ভবনে যান এবং তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এসময় মনিরুল হক মনি জোমাদ্দারের বড় ছেলে পিরোজপুর জেলা পরিষদের সদস্য রেজাউল হক রেজভি জোমাদ্দার ও পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার সকালে আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র সাথে তার ভান্ডারিয়াস্থ বাসভবনে পিরোজপুরের কাউখালী উপজেলা শ্রী গুরুসংঘ ভান্ডারিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ শুভেচ্ছা সাক্ষাৎ করেন।
জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি মঙ্গলবার রাতে ভান্ডারিয়া বাজারে কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দিরে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারিক, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরণ চন্দ্র বসু, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, রেড ক্রিসেন্ট পিরোজপুর ইউনিট, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সামনে আগুন নির্বাপনের কিছু উপায় দেখানো হয় ও শহরের বিভিন্ন সড়কে ফায়ার সার্ভিসের গাড়ি নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়। পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়।
