স্কুলে ১৩ দিন অনুপস্থিত শিক্ষিকা ॥ হাজিরা খাতায় স্বাক্ষর করেন দেবর
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশারিবুনিয়া নাথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রিতা রানী গত ১৩ দিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলে অনুপস্থিত রয়েছেন। আর এ অনুপস্থিতির জন্য তিনি যাতে কোন প্রকার ঝামেলায় না পড়েন সে জন্য একই স্কুলে কর্মরত সহকারি শিক্ষক এবং তার দেবর স্বপন শেখর বারিক (শুনীল বারিক) শিক্ষক হাজিরা খাতায় ওই শিক্ষিকার বদলে অবৈধভাবে ১৩ দিনের স্বাক্ষর করেছেন।
অবৈধ স্বাক্ষরের বিষয়টি স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক প্রবীর ভদ্র জানান, আমি প্রশিক্ষণে ভান্ডারিয়ায় ছিলাম। রিতা রানী আমাকে ছুটির বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। তবে তিনি ২৮ অক্টোবর থেকে অনুপস্থিত। এ বিষয়ে রবিবার বিকেল সাড়ে ৩ টায় রিতা রানীর সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি জানান যে, তিনি স্বামীর চিকিৎসার জন্য ঢাকায় আছেন।
স্কুল শিক্ষিকার এ অনিয়মের বিষয়টির অভিযোগ পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসার নজরুল ইসলাম রবিবার তদন্তের জন্য স্কুলে আসেন। তার কাছে অবৈধ স্বাক্ষরের কথা জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, “আমি ঘটনাটি আমার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”
বৌদির পক্ষে হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়টি সাংবাদিক ও শিক্ষা অফিসারের কাছে স্বীকার করেছেন স্বপন শেখর বারিক (শুনীল বারিক)।
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত শিক্ষকের হাজিরা খাতায় অন্য শিক্ষকের স্বাক্ষর দেওয়ার অপরাধ সম্পর্কে জানতে চাইলে পিরোজপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী বলেন অপরাধ প্রমানিত হলে তাদের বিরদ্ধে বিভাগীয় মামলা করা হবে।
