প্রধান সূচি

কচুয়া প্রেসক্লাবের সভাপতি ছুরিকাঘাতে আহত ॥ আটক ১

বাগেরহাটে কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবালকে ছুরিকাঘাত করেছে মো. মুসফিকুর রহমান রাফি (১৬) নামের এক কিশোর চোর। কচুয়ার সদরে নিয়াজ ইকবালের নিজ বাসায় বুধবার রাতে চুরি করার উদ্দেশ্যে ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে। এ ঘটনায় দুইজনকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে কচুয়া থানায় মামলা দায়ের করেছেন আহত নিয়াজ ইকবাল।

মুসফিকুর রহমান কচুয়া মধ্যপাড়া এলাকার মো. মশিউর রহমানের ছেলে। অন্য আসামী মো. আল আমিন (১৮) উপজেলার গিমটাকাঠি এলাকার বাসিন্দা।

মামলায় নিয়াজ ইকবাল উল্লেখ করেন, বুধবার রাতে তিনি কচুয়া প্রেসক্লাব থেকে দাপ্তরিক কাজ শেষে বাসায় আসেন। পূর্ব থেকে তার শোবার ঘরের খাটের নিচে থাকা মুসফিকুর রহমান ও আল আমিন তার (নিয়াজ) উপর হামলা করে। মুসফিকুর রহমানের হাতে থাকা ছুড়ি দিয়ে বুকে আঘাত করে। এসময় বাম হাত দিয়ে ঠেকালে হাত কেটে যায়। ডাক চিৎকারে স্থানীয়রা এসে মো. মুসফিকুর রহমান রাফিকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি নিয়াজ ইকবালকে ছুরিকাঘাতকারী মুসফিকুর রহমান রাফিকে স্থানীয়রা আটকে রাখে। পরে আমরা নিয়াজ ইকবালের বাসায় গিয়ে মুসফিকুর রহমানকে গ্রেফতার করি। এসময় তার কাছ থেকে একটি ছুরি ও ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত সাংবাদিক নিয়াজ ইকবাল বাদী হয়ে দুইজনকে আসামীকে করে মামলা করেছেন। অন্য আসামী আল আমিনকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial