সাংবাদিক শেখ জাকির আহমেদ আর নেই
পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ জাকির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)।
আজ বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
বুধবার দুপুরের পরে শেখ জাকির নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের নিজ বাড়ীতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত নাজিরপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। বিকেল সোয়া তিনটার দিকে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদ শুনে নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি এইচ এম লাহেল মাহমুদ ও সাধারণ সম্পাদক ফিরোজ মাহমুদসহ সাংবাদিক নেতৃবৃন্দ মরহুমের বাসভবনে যান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
সাংবাদিক শেখ জাকির আহম্মেদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
এছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক পিরোজপুর কন্ঠের সম্পাদক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক তথ্য দর্পণের প্রকাশক ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিউল হক মিঠু, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ মোস্তফা, এস এম রেজাউল ইসলাম শামীম, শিরিনা আফরোজ, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও পিরোজপুরের কথার সম্পাদক ও প্রকাশক জহিরুল হক টিটু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ।
শেখ জাকির আহম্মেদ দীর্ঘ ৩০ বছর ধরে সাংবাদিকতা পেশায় জড়িত ছিলেন। কাজ করেছেন বাংলাবাজার পত্রিকা, নিউনেশনসহ বিভিন্ন পত্রিকায়। এছাড়া তিনি বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজাদ বাণী ও পটুয়াখালী থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় মফস্বল বার্তা সম্পাদক, সহকারী সম্পাদক ও বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন। তার সম্পাদনায় সাপ্তাহিক পিরোজপুরের খবর প্রকাশিত হতো। তিনি পিরোজপুর থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক পিরোজপুরের কথা ও তথ্য দর্পণ পত্রিকায় উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে ছিলেন।
তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, নাজিরপুর উপজেলা উন্নয়ন আন্দোলন নাগরিক কমিটির সদস্য সচিব, বাংলাদেশ মানবাধিকার কমিশনের নাজিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
