কাউখালীতে মাদক মামলায় ফায়ারম্যান নোমান সাময়িক বরখাস্ত
পিরোজপুরের কাউখালীতে মাদক মামলায় আটক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাউখালী স্টেশনে কর্মরত ফায়ারম্যান মো. নোমান হোসেন সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারি করা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পিরোজপুরের উপ-সহকারী পরিচালক মো. মাহবুব আলম বরখাস্তের আদেশের কথা নিশ্চিত করে বলেন, সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাউখালী ফায়ার সার্ভিস অফিসের ফায়ারম্যান নোমান হোসেন (২৭)কে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার পুলিশ কাউখালী মহিলা কলেজের সামনে থেকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে। পরদিন শুক্রবার সকালে মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এ ব্যাপারে কাউখালী থানায় ১৮ অক্টোবর মাদক আইনে মামলা দায়ের করা হয়।
