পিরোজপুরের বাইনখালীতে স্কুল শিক্ষকের বাড়িতে হামলা ॥ মারধর ও লুটপাট
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাইনখালীতে দিনের বেলায় বসতবাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১২জনকে আসামী করে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণ এবং ভুক্তভোগীদের বক্তব্যে জানা গেছে, বাইনখালী মোজাহার মল্লিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং শংকরপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মিজানুর রহমানের বাড়িতে শনিবার সকাল ১০টার দিকে এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত মামুন খলিফা (৩৫), সাইফুল ইসলাম জেমী (২৬), আসলাম মৃধা (৪৫), স্বপন গাজী (৩৫), আলিম সিকদার (৩৫), সেলিম হাওলাদার (৪০), মাহাবুব হাওলাদার (৪০), সাইফুল ইসলাম খান (৩০) এর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা স্কুল শিক্ষক মিজানুর রহমান ও তার বৃদ্ধ পিতা মো. হাবিবুর রহমান (৭০)কে পিটিয়ে জখম করে। হামলাকারীরা ঘরে ঢুকে লুটপাট চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এছাড়া সুপারি বাগান থেকে প্রায় ৩০০টি গাছের পাকা ও আধাপাকা সুপারি পেরে নিয়ে যায়।
এ ঘটনায় শনিবার রাতে পিরোজপুর সদর থানায় স্কুল শিক্ষক মিজানুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে আসলাম মৃধা (২৬) ও আব্দুল আলিম নামে এজাহারভুক্ত দুই আসামীকে গ্রেফতার করেছে।
মামলার বাদী মিজানুর রহমান বলেন, আসামীরা এলাকায় সন্ত্রাসসহ এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। তাদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা ও রাজনৈতিক বিরোধ চলে আসছে। এর জের ধরে আসামীরা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাট করেছে। এর আগে ২০১৭ সালেও আসামীরা আমার বাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাট করে। তবে সে সময়ে তাদের ভয়ে কোন মামলাও করতে পারিনি।
