প্রধান সূচি

ফেনসিডিল ও টাকাসহ আটক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভ বরখাস্ত

পিরোজপুর শহরতলীর ঝাটকাঠী এলাকা থেকে ৩০৩ বোতল ফেনসিডিল ও নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকাসহ আটক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা মশিউর রহমান শুভকে বরখাস্ত করা হয়েছে। পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার তাকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন জানান, মশিউর রহমান শুভ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকুরী করছেন। রবিবার ফেনসিডিলসহ আটক হওয়ার পর তার বিরুদ্ধে মামলা হয়। সোমবার পিরোজপুর সদর থানা থেকে এ মামলার তথ্যাদি সংগ্রহ করে মঙ্গলবার তাকে বরখাস্তের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চিঠি দেয়া হয়।  এদিন বিকেলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী মশিউর রহমান শিক্ষক শুভকে বরখাস্তের আদেশ দেন।

উল্লেখ্য, পিরোজপুর সদর থানা পুলিশ গত রবিবার রাতে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন সম্পাদক মশিউর রহমান শুভ’র ঝাটকাঠী এলাকার বাসায় অভিযান চালিয়ে তার শয়নকক্ষের বঙ্খাট ও ওয়ারড্রয়ারের মধ্যে অভিনব কায়দায় রাখা ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে এবং বাসার আলমীরা থেকে নগদ ৪ লাখ ৯৮ হাজার ৫৩০ টাকা উদ্ধার করে। পুলিশ এ সময় মশিউর রহমান শুভ ও তার সহযোগি পৌর এলাকার আলামকাঠী গ্রামের বাসিন্দা রনজিৎ কুমার বসুর ছেলে সঞ্জয় কুমার বসুকে আটক করে।

মশিউর রহমান শুভ পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক। তিনি পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস কেএমডি মেজবাউদ্দিন সাবু’র ছোট  ভাই।

পিরোজপুর সদর থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, আটক শিক্ষক মশিউর রহমান শুভ  ও তার সহযোগী সঞ্জয় কুমার বসুকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং দুজনারই রিমান্ডের আবেদন করা হয়েছে। বুধবার এ রিমান্ড শুনানী হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial