শেখ হাসিনার শাসন আমল, গণমাধ্যমের স্বর্ণালী অধ্যায় … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, শেখ হাসিনার শাসন আমল বর্তমান গণমাধ্যমের জন্য একটি স্বর্ণালী অধ্যায়। তার আমলেই গণমাধ্যমকে অবাধ ও উন্মুক্ত করে দিয়েছেন। সাংবাদিকদের দীর্ঘদিনের দাবী ওয়েজ বোর্ড বাস্তবায়ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র আয়োজনে পিরোজপুর জেলার সাংবাদিকদের জন্য ‘অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকরা কারও বন্ধু হতে পারেনা, বন্ধু হবে তার কর্ম। কেননা একজন সাংবাদিকের একটি সংবাদ সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিতে পারে। উদাহরন স্বরূপ মন্ত্রী বলেন, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ছোট্ট একটি সংবাদ আমার নজরে আসার পরে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। প্রধানমন্ত্রী আমাকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। তখন আমি তাকে বলেছিলাম এর সাথে অনেক প্রভাবশালীরা জড়িত। তখন প্রধানমন্ত্রী আমাকে বলেছেন তুমি ব্যবস্থা নেও আমি আছি। প্রধানমন্ত্রীর নির্দেশের পরে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। ঠিকাদারের অতিরিক্ত নেয়া ৩৬ কোটি টাকা পরবর্তী বিল থেকে কেট নেওয়ার ব্যবস্থা করেছি। 
মন্ত্রী পিরোজপুরের সাংবাদিকদের মুক্ত বিহঙ্গের মত উন্মুক্তভাবে সততা ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করার আহবান জানিয়ে বলেন, ভয়ভীতির উর্ধ্বে থেকে সঠিক সংবাদ পরিবেশন করুন। আমি আপনাদের সকল প্রকার সহযোগিতা করবো।
পিরোজপুর সার্কিট হাউস মিলনায়তনে পিআইবি’র মহা-পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিআইবির পরিচালনা বোর্ডের সদস্য ও দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুন অর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিটু। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ।
মন্ত্রী এর আগে একই স্থানে সম্প্রতি বঙ্গোপসাগরে নিখোঁজ ৬ জেলে পরিবারের স্বজনদের মাঝে তার ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও ৩০ কেজি চাল বিতরণ করেন।
একই দিন সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন পিরোজপুর জেলা শহরে আবাসিক প্লট বরাদ্ধের প্রসপেক্টাস ও আবেদন পত্র বিতরণ করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি। এ সময় মন্ত্রী বলেন, পিরোজপুরকে একটি পরিকল্পিত নগরীতে পরিনত করা হবে। আর এ জন্য দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। 
মন্ত্রী বলেন, পিরোজপুরে একটি আধুনিক হাউজিং প্রকল্প তৈরী করা হচ্ছে। এখানে নিরাপত্তার বিষয়সহ একটি আবাসন প্রকল্পের সব ধরনের সুযোগ সুবিধা থাকবে এখানে। প্রথম পর্যায়ের হাউজিং প্রকল্প শেষ করে পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে আরও একটি প্রকল্প নেয়া হবে। 
শ. ম. রেজাউল করিম বলেন, পিরোজপুরে কোন ক্যাডার বাহিনী, সন্ত্রাসী বাহিনী থাকতে পারবে না। কোন মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, ইভটিজারকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে। মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নিজের দলের এবং সহযোগী সংগঠনের মধ্যেও শুদ্ধি অভিযান শুরু হয়েছে। তাই অপরাধ করে কেউই পার পাবে না, সে যত বড়ই রাজনৈতিক নেতা বা ক্ষমতাবান সরকারী কর্মকর্তা হন না কেন।
পিরোজপুর সর্কিট হাউজে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, শিল্পপতি জসিম উদ্দিন খানসহ সরকারী-বেসরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, বৃহস্পতিবার সকাল ১০টায় জেলার নাজিরপুর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি।
এ সময় তিনি সাংবাদিকদের সংবাদ প্রকাশের অভয় দিয়ে বলেন, ‘আমার মন্ত্রণালয়ের একটি প্রকল্পের অনিয়ম নিয়ে সর্বপ্রথম যে সাংবাদিক সংবাদ প্রকাশ করেছিলেন তাকে আমি আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছি। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে আমি বলি যে, আপনারা আমার মন্ত্রণালয়সহ আমার বিরুদ্ধে কোন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে তা প্রকাশ করুন। আমার নির্বাচনীয় এলাকার কোন সরকারি দপ্তর বা কর্মকর্তা-কর্মচারী এবং দলীয় নেতা-কর্মীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে তা নির্ভয়ে প্রকাশ করুন। তবে তা হতে হবে বস্তুনিষ্ট। এ কারণে আপনাদের কোন সমস্যা হলে আমি পাশে থাকব।
প্রেস ইনষ্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ, পিআইবি’র পরিচালনা পরিষদের সদস্য শেখ মামুনুর রশিদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী অফিসার রোজী আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা দি¦গবিজয় হাজরা প্রমুখ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলার ৩৫জন সংবাদকর্মী অংশগ্রহণ করছেন।
