মঠবাড়িয়ায় দুই ডাকাত গ্রেফতার ॥ লুন্ঠিত মালামাল উদ্ধার
জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালীতে আলোচিত ডাকাতি মামলার আসামি তানজিম (২৫) ও রাসেল (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোর্ট রোড স্টীমার ঘাট থেকে ওই দুই ডাকাতকে গ্রেফতার করে বুধবার রাতে মঠবাড়িয়া থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে লুন্ঠিত মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত তানজিম বরিশাল মেহিন্দিগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে ও রাসেল বরগুনা জেলার সদর থানার পাতাকাটা গ্রামের মতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত জুলাই মাসে মুক্তিযোদ্ধা বিজিবি’র অবসরপ্রাপ্ত সুবেদারের বাড়িসহ একরাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ডাকাত দল দুই ঘর থেকে স্বর্ণালংকারসহ প্রায় চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় দীর্ঘ দুই মাস পুলিশ অনুসন্ধান চালিয়ে ওই ডাকাতির ঘটনায় জড়িত দুই জনকে লুট হওয়া মোবাইল ও মালামালসহ আটক করা করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবদুল্লাহ ডাকাতি মামলার দুই আসামি গ্রেফতার নিশ্চিত করে জানান, তারা দুইজনই ডাকাত দলের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার গ্রেফতারকৃত ওই দুইজনকে আদলতে সোপর্দ করা হয়েছে।
