পিরোজপুরে থানা থেকে আসামীর পলায়ন ॥ ৮ ঘন্টা পর ফের গ্রেফতার
পিরোজপুরে একটি হত্যা মামলার গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামী থানা থেকে পালিয়ে যাওয়ার ৮ ঘন্টা পরে পুলিশ ফের তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পিরোজপুর সদর থানা থেকে সালমান খান (২৪) নামের উক্ত আসামী পালিয়ে যায়। পরে পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে তাকে পিরোজপুর সদর উপজেলার চলিশা চাঁন মাঝির ব্রীজ এলাকা থেকে গ্রেফতার করে। সালমান পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের দুলাল খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনসহ চারটি নিয়মিত মামলাও রয়েছে।
থানা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আসামী সালমান পানি পান করতে চাইলে দায়িত্বরত সেন্ট্রি হাজতখানার দরজা খোলেন। এসময় সালমান তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বেড়িয়ে দৌড়ে থানা থেকে পালিয়ে যায়। এসময় সেন্ট্রি পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তার পিছনে পুলিশ ধাওয়া করলে সে থানার উত্তর দিকে দামুদর খালে ঝাপিয়ে পড়ে গা ঢাকা দেয়। সালমানকে কলাখালীর যুবলীগ কর্মীর জয় হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা এসআই মুনিরুজ্জামান বুধবার দুপুরে সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বাদল জানান, ঘটনা সকালে বলে থানায় নির্দিষ্ট দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি কম থাকার সুযোগ নিয়ে আসামী পলায়নের সুবিধা পায়। ঘটনার খবর পর থেকে পিরোজপুর ও সন্নিহিত জেলা সমুহে পুলিশের তৎপরতা বাড়ানো হয়। পরে দুপুর ৩টার দিকে তাকে চলিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও তদন্ত) মোল্লা আজাদ হোসেন জানান, পলাতক আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের ব্যাপক অভিযান শুরু করে। তাকে ফের গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে থানা তেকে আসামী পলায়নের ঘটনায় পুলিশের কারও অবহেলা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
