পিরোজপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসিল্যান্ডের স্ত্রী আহত
পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)-এ্সিল্যান্ড রামানন্দ পালের সরকারী বাসায় ঢুকে তার স্ত্রী অদিতি বড়ালকে ছুরিকাঘাত করে জখম করেছে এক দুর্বৃত্ত। এ সময় বাসায় তিনি একা ছিলেন। তার স্বামী রামানন্দ পাল তখন কর্মস্থলে ছিলেন। এ নিয়ে চারবার অদিতি বড়ালের উপর দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে পিরোজপুরে জেলা প্রশাসনের কৃষ্ণনগরস্থ সরকারী ডরমেটরী ভবনে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় অদিতি বড়ালকে পিরোজপুরের সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যাওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার সাকিল সরোয়ার জানান, ছুরিকাঘাতে তার পেটে সামান্য জখম হয়েছে। বড় ধরনের কোন সমস্যা হয়নি। তিনি আশংকামুক্ত রয়েছেন।
হামলার খবর পেয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানসহ জেলা প্রশাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।
অদিতি বড়াল বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাস বড়াল ও জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য হ্যাপি বড়ালের মেয়ে। এর আগে গত বছরের ৯ নভেম্বর সন্ধ্যায় একইভাবে এক দুর্বৃত্ত অদিতি বড়ালকে পিরোজপুরের ওই সরকারী বাসায় ছরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় সে সময় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হলেও পুলিশ আজ পর্যন্ত উক্ত দুর্বৃত্তকে আটক করতে পারে নি।
উল্লেখ্য, রামানন্দ পাল বরগুনা জেলার বেতাগী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসেবে চাকুরী করা কালে ২০১৮ সালের ৩ জুলাই তার স্ত্রী অদিতি বড়ালকে আরো একবার ছুরিকাঘাত করা হয়। এছাড়া বাগেরহাটে থাকাকালেও তার উপর হামলা ও জখম করার ঘটনা ঘটেছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. জিয়াউল হক জানান, দুপুর ১ টার দিকে এক ব্যক্তি ম্যাজিষ্ট্রেটদের সরকারী কোয়াটারের অদিতি বড়ালের বাসায় গিয়ে দরজা খুলতে বলে। এ সময় তিনি দরজা খুললে তাকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ হাসপাতালে গিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, ঘটনাটি জানার সাথে সাথে আমরা হাসপাতলে গিয়েছি। তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, আদিতি বড়ালের বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান কালিদাশ দুর্বৃত্তের গুলিতে মারা যান।
