প্রধান সূচি

পরিবারে চলছে শোকের মাতম

দু’ঘন্টার ব্যবধানে শরণখোলায় দু’বোনের মৃত্যু

মাত্র দু’ঘন্টার ব্যবধানে শরণখোলায় দু’বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে এক বোন স্বামীর নির্যাতনে, অপরজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে উপজেলার উত্তর কদমতলা গ্রামে। নির্মম এ ঘটনায় ওই পরিবারে চলছে শোকের মাতম।

নিহতের পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর কদমতলা গ্রামের আলম খানের চতুর্থ মেয়ে মেঘনা (২০) এর সাথে এক বছর পূর্বে বিয়ে হয় খোন্তাকাটা গ্রামের সেলিম তালুকদারের। সম্প্রতি যৌতুকের দাবীতে নির্যাতন করলে গুরুতরভাবে আহত হন মেঘনা। পরে আশংকাজনক অবস্থায় মেঘনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থার কোন উন্নতি হবেনা বলে চিকিৎসক জানালে মেঘনাকে রবিবার ভোরে বাড়ি নিয়ে আসার পরপরই ভোর ৬ টার দিকে সে মারা যায়।

এ সময় বাড়িতে থাকা মেঘনার ছোট বোন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী তামান্না (১২) সকাল ৮ টার দিকে ঘরের বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

মাত্র দু’ঘন্টার ব্যবধানে দু’বোনের মৃত্যুর ঘটনায় ওই পরিবারে চলছে এখন শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

খবর পেয়ে শরণখোলা থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মেঘনার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে প্রেরণ করে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের অনুমতি নিয়ে তামান্নাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial