পিরোজপুরে ট্রাফিক আইন বিষয়ক ওরিয়েন্টেশন
‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এই শ্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের আয়োজনে এবং পিরোজপুর জেলা পুলিশের সহযোগিতায় সনাক কার্যালয়ে ট্রাফিক আইন বিষয়ক একটি ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইয়েস সদস্যদের বিশেষ কর্মসূচি বাস্তবায়নের আওতায় গতকাল এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক), পিরোজপুর এর সভাপতি এডভোকেট মোহাম্মদ শহীদুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, সনাকের ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস বিষয়ক উপ-কমিটির আহবায়ক ও সনাক সদস্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম।
কর্মশালায় ট্রাফিক আইন বিষয়ে সুদীর্ঘ আলোচনা ও বক্তব্য উপস্থাপন করেন পিরোজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। তিনি তার উপস্থাপনায় ট্রাফিক ও ট্রাফিক আইন কি? ট্রাফিক ব্যবস্থাপনা কি? ট্রাফিক আইন কেন গুরুত্বপূর্ণ এবং ট্রাফিক আইনের প্রয়োজনীয় ধারাসমূহ নিয়ে আলোচনা করেন।
মোল্লা আজাদ হোসেন বলেন, ট্রাফিক আইন আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত ট্রাফিক আইন সঠিকভাবে জানা এবং মেনে চলা। তিনি তার উপস্থাপনায় পুলিশ অফিসার কর্তৃক নিস্পত্তিযোগ্য ধারাসমূহ সম্পর্কে অংশগ্রহণকারীদের সম্যক ধারণা প্রদান করেন। একইসাথে কারা ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য জরিমানা করার অধিকার রাখেন, জরিমানার অর্থ কোথায় গিয়ে পরিশোধ করতে হবে এবং ট্রাফিকের বিভিন্ন সাইন সম্পর্কে আলোচনা করেন। পরিশেষে তিনি সনাক এর সকল ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যরা ট্রাফিক আইন বাস্তবায়ন ও প্রচারে কার্যকর ভূমিকা পালন করবে এই প্রত্যাশা রেখে আলোচনা শেষ করেন।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিআইবি’র এরিয়া ম্যানেজার ধীমান গাইন, সার্জেন্ট মো. আমিনুল কবির এবং কনস্টেবল বিশ^নাথ দে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি’র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি. এম. মাজহারুল আলম।
