মঠবাড়িয়ায় উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন জয়ী
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ৮১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়। তবে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। মোট ১ লাখ ৮৯ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে ৭১ হাজার ২৩৭ জন ভোটার ভোট প্রদান করেন। ভোটের হার ৩৭.৫২। মঙ্গলবার রাতে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
এতে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ (আনারস প্রতীক) ৪৭ হাজার ৬৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী হোসাইন মোশারফ সাকু পেয়েছেন ২১ হাজার ৩৯৮ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থীর প্যানেলের ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত (টিয়াপাখি প্রতীক) ৪৩ হাজার ৯০৯ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট নাসরিন জাহান (কলস প্রতীক) ৪২ হাজার ৪৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত (লাঙ্গল প্রতীক) নূরুজ্জামান লিটন ৫৬৫ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি শাকিল আহমেদ নওরোজ (চশমা প্রতীক) ২২ হাজার ৮৯৭ ভোট ও রাহাত আহমেদ রেজা (তালা প্রতীক) ১ হাজার ৯২ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাকসুদা আক্তার বেবী (ফুটবল প্রতীক) ২২ হাজার ৩৮ ভোট ও রমা রানী মজুমদার শোভা (হাতুরী প্রতীক) ৩ হাজার ১১৯ ভোট পেয়েছেন।
উল্লেখ্য, গত ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দাঙ্গায় নির্বাচনী শান্তি শৃঙ্খলা বিঘিœত হওয়ার কারণে ২৮ মার্চ নির্বাচন স্থগিতা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে উপজেলা টেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
