মঠবাড়িয়ায় ভাইয়ের হামলায় ভাই বোন আহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাইয়ের হামলায় বড় বোন মমতাজ বেগম (৪৫) ও ছোট ভাই শফিকুল ফরাজী (২৫) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত মমতাজ বেগমকে সোমবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার খেতাছিড়া গ্রামের মৃত কাঞ্চন ফরাজীর ছেলে জাফর ফরাজীর সাথে আপন সহোদর কামাল ফরাজীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ হলে তিনি সালিস বৈঠকের মাধ্যমে ঘটনা ফয়সালার আশ্বাস দেন। এরই মধ্যে রবিবার দুপুরে কামাল ফরাজীর নেতৃত্বে দুলাল, খোকন, তরিকুল লোকজন নিয়ে জাফর ফরাজীর লোকদের ওপর অতির্কিত হামলা চালায়। এ সময় কামাল ফরাজীর ধারালো অস্ত্রের আঘাতে শফিকুল ফরাজী গুরুতর আহত হয়। ভাইকে বাঁচাতে বড় বোন মমতাজ বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়।
এ ব্যাপারে কামাল ফরাজী কুপিয়ে আহত করার অভিযোগ অস্বীকার করে বলেন, ওরা আমার ওপর হামলা করে আমাকে আহত করেছে। আমিও হাসপাতালে ভর্তি হয়েছি। মমতাজ বেগম ও শফিকুলের আহতের ব্যাপারে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
