শরণখোলায় ৮২ বছর বয়সে ভোটার হলেন সেকান্দার আলী
বাগেরহাটের শরণখোলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলাকালে সোমবার ৮২ বয়স্ক এক বৃদ্ধ ভোটার হতে পেরে খুবই আনন্দিত। জন্ম নিবন্ধন কার্ড না থাকায় এতদিন তিনি ভোটার তালিকায় নাম লেখাতে পারেন নি।
উপজেলার রায়েন্দা ইউনিয়নের দক্ষিন কদমতলা গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সেকান্দার আলী আকন গত শনিবার রায়েন্দা পাইলট হাইস্কুলে ভোটারের জন্য ছবি করতে আসলে ফেরত দেয়া হয়। পরে উপজেলা নির্বাচন অফিস যাচাই বাছাই করে ভোটার তালিকায় নাম না থাকায় ভোটার করার অনুমতি দেয়া হয়।
সোমবার ডিজিটাল জন্ম নিবন্ধন নিয়ে ভোটারের জন্য ছবি তুলতে পেরে খুবই আনন্দিত সেকান্দার আলী। ছবি তোলার কেন্দ্রে বসে সেকান্দার আলী হেসে বলেন, ‘এতো বছরেও ভোট দিতে পারি নি। জন্ম নিবন্ধন কার্ড ছিলনা বলে ভোটার হতে পারি নি। আজ ছবি করতে পেরে আমার শরীর থেকে ৫০ মন ওজন কমে গেছে। মৃত্যুর আগে যেন একবার শেখ হাসিনার নৌকায় ভোট দিতে পারি।’
