ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয় … শ. ম. রেজাউল করিম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করিম এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তব। পল্লী অঞ্চলের মানুষ ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে পরীক্ষার রেজাল্ট দেখতে পারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ভর্তির আবেদন করতে পারে, জেলা প্রশাসকের রেকর্ড রুম থেকে জমির পর্চা সংগ্রহ করার আবেদন করতে পারে, বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। আর এসবই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ।
রবিবার পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. মো. ফারুক আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মাসুদ আহম্মদ মামুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ^নাথ বনিকসহ সকল প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীগণ, জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের প্রধানগণ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিটি প্রকৌশল বিভাগ এবং সরকারি অনান্য অফিসের উন্নয়ন কর্মকান্ডের বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্ত্রী পিরোজপুরের উন্নয়ন কাজের গতি বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এবং একটি সুন্দর পিরোজপুর জেলা গড়ে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করে বলেন, এলাকার উন্নয়নে অবকাঠামোগত সমস্যা চিহ্নিত করে দ্রুত এ সমস্যা সমাধান করতে হবে।
সভা শেষে মন্ত্রী পিরোজপুর প্রেসক্লাবে বেসরকারি চ্যানেল বাংলা টিভি ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। সেখানে তিনি বলেন, দেশের মানুষ এখন গণমাধ্যমকে বিশ^াস করে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছেন বলেই গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী দেশে চলমান ব্যাপক উন্নয়ন কর্মকান্ড গণমাধ্যমে প্রচারের জন্য সাংবাদিকদের আহ্বান জানান।
