বাগেরহাটে ট্রাক থেকে ফেন্সিডিল উদ্ধার ॥ আটক-২
বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মালবাহী একটি ট্রাক জব্দ করেছে র্যাব-৬ এর একটি দল। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিলজংগ ইউনিয়নের সাদের বটতলা নামক এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, ঝালকাঠি জেলা দক্ষিন পিপলিতা গ্রামের মো. খাদেম আলীর ছেলে মো. ছালাম শিকদার (২০) এবং একই এলাকার আ. জলিল হাওলাদারের ছেলে মো. কামরুল হাসান (৩০)।
র্যাব-৬ ডিএডি শহিদুজ্জামান বলেন, একটি ট্রাকে (নং- ঢাকা মেট্রো-ট-১৩৯৪) করে ফেন্সিডিলের একটি চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাদের বটতলা এলাকায় ওই ট্রাকে তল্লাশী চালিয়ে ৩৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা করা হয়। এসময় ট্রাকে থাকা চালক ও হেলপারকে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ জানান, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় র্যাব-৬ এর ডিএডি শহিদুজ্জামান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
