মঠবাড়িয়ায় জেলেদের মানববন্ধন
জেলেদের উপর নতুন করে আরোপিত ৬৫ দিন (৩ জৈষ্ঠ থেকে ১০ শ্রাবান পর্যন্ত) ইলিশ মাছ ধরার অবরোধ তুলে নেয়ার দাবীতে মঠবাড়িয়ায় জেলে ও ট্রলার মালিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার সকালে মঠবাড়িয়ার তুষখালী ফিসিং ট্রলার মালিক সমিতির উদ্যোগে তুষখালী মাছ বাজার সম্মুখ সড়কে প্রায় পাঁচ শতাধিক জেলে ও ট্রলার মালিকরা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তুষখালী ফিসিং ট্রলার মালিক সমিতির সভাপতি মো. ছগির মিয়া, সাধারণ সম্পাদক একরাম হাওলাদার, বরগুনা জেলা ফিসিং ট্রলার মালিক সমিতির সহ-সভাপতি জহিরুল হক চিনু, ট্রলার মালিক জয়নাল আবেদীন খান ও হালিম পেশকার প্রমুখ।
বক্তারা জানান, জৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ৫ মাস পর্যন্ত ইলিশ ধরার মৌসুম। এসময় ৬৫ দিন নদীতে ইলিশ মাছ ধরা বন্ধ থাকলে উপকূলী এলাকার ট্রলার মালিক ও জেলে সম্প্রদায় ভীষণ ক্ষতির সম্মুখীন হবে এবং জেলেরা এ পেশা ছেড়ে দিতে বাধ্য হবে।
