প্রধান সূচি

স্বরূপকাঠীতে সতীনের ছুড়ে মারা গরম পানিতে ঝলসে গেল গৃহবধুর শরীর

জেলার স্বরূপকাঠী উপজেলায় হোসনেয়ারা বেগম (৪৭) নামে এক গৃহবধূকে হত্যা চেষ্টায় গায়ে গরম পানি মেরে শরীর ঝলছে দিয়েছে সতীন। সতীনের ছুড়ে মারা গরম পানিতে ওই গৃহবধূর শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

সোমবার রাতে সুটিয়াকাঠি গ্রামের আব্দুল হালিম খানের দ্বিতীয় স্ত্রী হোসনেয়ারা বেগমের উপর এ নির্মম ঘটনাটি ঘটিয়েছে হালিমের বড় বউ ও তার সন্তানরা। গরম পানিতে ঝলসে যাওয়া ওই গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গৃহবধূর অবস্থা আশংকাজনক দেখে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ প্রেরণ করেছেন। হাসপাতাল বেডে চিকিৎসাধীন হোসনেয়ারা জানান, সে সুটিয়াকাঠি গ্রামের আব্দুল হালিম খানের দ্বিতীয় স্ত্রী।

সোমবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় শেষে হোসনেয়ারা ঘরের ভিতরে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় তার বড় সতীন বেবি বেগম, সতিনের মেঝো ছেলে বেল্লাল, সেজো ছেলে রমজান ও বড় ছেলে রুহুলের স্ত্রী আইরিন বেগম তাকে মারধর করে ঘরের দরজা বন্ধ করে শরীরে গরম পানি ঢেলে দেয়। তারপর সতীন ও তার সহযোগীরা ঘরে উচ্চ শব্দে সাউন্ডবক্স চালিয়ে রাখে। একপর্যায়ে প্রতিবেশীরা হোসনেয়ারার আত্মচিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হোসনেয়ারাকে গুরুতর অসুস্থ্য দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান জানান, হোসনেয়ারার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

স্বরূপকাঠী থানার অফিসার ইনচার্য (ওসি) কে এম তারিকুল ইসলাম জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial