পিরোজপুরে ট্রাফিক পক্ষের উদ্বোধন
জননিরাপত্তা বিধান, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জন সচেতনতা সৃষ্টির লক্ষে পিরোজপুরে ট্রাফিক পক্ষ-২০১৯ শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের সিও অফিস মোড়ের বঙ্গবন্ধু চত্বরে জেলা পুলিশের আয়োজনে ১৬-৩০ এপ্রিল এই ট্রাফিক পক্ষের উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মোল্লা আজাদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মেদ মাইনুল হাসান, সিনিয়র সাংবাদিক এডভোকেট মাহামুদ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গৌতম চৌধুরী, পিরোজপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক টিটু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক, জেলা শ্রমিক লীগ সভাপতি মজনু তালুকদার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. জুলফিকার আলী। অনুষ্ঠান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার বক্তব্যে বলেন, ট্রাফিক পক্ষের মাধ্যমে জনগনকে ট্রাফিক আইনের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হবে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ ও শ্রমিকদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ট্রাফিক আইন মানার বিষয়ে সচেতন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সড়কে হেলমেটসহ চলাচলকারী বৈধ মোটর সাইকেল আরোহীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও পুলিশ কর্মকর্তারা।
