পৌরশহরে দুই সপ্তাহ ধরে সড়কবাতি বন্ধ
ভান্ডারিয়ার বৃদ্ধি পাচ্ছে চুরির ঘটনা ও মাদক বিক্রেতাদের আনাগোনা
জেলার ভান্ডারিয়া পৌর শহরের বিভিন্ন সড়কে গত দুই সপ্তাহ ধরে সড়কবাতি বন্ধ থাকার সুযোগে পৌর শহরে চুরি এবং মাদক বিক্রেতাদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে শহরের লক্ষি¥পুরা গ্রামের মহল্লার আব্দুস ছালাম মুন্সীর বাড়ীতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরের দল ঘরের দরজার হ্যাজবল ভেঙ্গে ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার, ২ লক্ষ ৫০ হাজার টাকার পূবালী ব্যাংকের এফডিআর (চেক)সহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায় এবং ঘরের মালামাল তছনছ করে। এ সময় ঘরে কোন রোজন ছিল না। তবে ঘটনার খবর পেয়ে সাথে সাথেই ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, শহরে সড়কবাতি না থাকার সুবাধে মাদক বিক্রিতাদেরও আনাগোনা বেড়েছে। মাদক বিক্রির সাথে যারা জড়িত মাঝে মধ্যে তাদের ২/১জন চুনোপুটি ধরা পরে। কিন্তু রাঘব বোয়ালরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। আর প্রায় এই দুই সপ্তাহ সড়ক বাতি বন্ধ থাকায় এসব মাদক বিক্রেতাদের মধ্যে বিরাজ করছে আনন্দ। যদিও পুলিশের টহল টিম থাকে। তবুও মাদক বিক্রেতারা নয়া কৌশলে ঘাটে ঘাটে পুলিশকে পাহাড়ায় রেখে অবাধে চালিয়ে যাচ্ছে তাদের ব্যবসা।
এদিকে, শহরের বেশীরভাগ সড়কে বাতি না থাকায় সন্ধ্যার পরে ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়েছে। ভান্ডারিয়া ২নং ওয়ার্ডের গৃহকর্তা মো. হাসান ইকবাল, ১নং ওয়ার্ডের গৃহকর্তা মো. মাসুম মুন্সী, ছাত্রলীগ নেতা মো. আতিক মুন্সী সাংবাদিকদের জানান, শহরের সড়কগুলোতে অনতিবিলম্বে সড়ক বাতির ব্যবস্থা না করলে এর চেয়েও বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে তারা আশংকা প্রকাশ করছেন।
এ বিষয়ে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. নাজমুল আলম সাংবাদিকদের জানান, সড়ক বাতি বন্ধের বিষয়টি তার জানা নেই। যেসব এলাকায় সড়ক বাতি জ্বলছেনা তাকে অবহিত করলে তিনি ব্যবস্থা নেবেন।
তবে পৌর সহায়ক কমিটি সদস্য এবং পৌর আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম স্বপন সিকদার জানান, বৈদ্যুতিক সংযোগে ত্রুটি থাকার কারণে বেশ কয়েকটি এলাকার সড়ক বাতি জ্বলছে না। শীঘ্রই পৌরসভা কর্তৃপক্ষ সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে।
