রাত পোয়ালেই পিরোজপুরের ৬ উপজেলায় ভোট
রাত পোয়ালেই পিরোজপুরের ৬টি উপজেলায় উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলার ৭টি উপজেলার মধ্যে নির্বাচনী সহিংসতার কারণে মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া ভান্ডারিয়া উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মিরাজুল ইসলাম। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে পিরোজপুরের ৬ উপজেলায় চেয়ারম্যান পদে ১৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।জেলার যে ৬টি উপজেলায় নির্বাচন হচ্ছে সেগুলো হল- পিরোজপুর সদর (ভোটার ১,২১,৮৯১), ইন্দুরকানী (ভোটার ৫৭,২১৯), কাউখালী (ভোটার ৫৩,৭৩৪), ভান্ডারিয়া (ভোটার ১,০৯,৬৭৫), নেছারাবাদ (ভোটার ১,৬৩,১৪৫) এবং নাজিরপুর (ভোটার ১,২৪,৩৮৪)।

নির্বাচন উপলক্ষে জেলার ৬টি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যসহ ১৪ জন করে আইন শৃংখলা বাহিনী মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ন কেন্দ্রগুলোতে ১৬ জন করে আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ৬ উপজেলায় নির্বাচনের দিন ১ জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইন শৃংখলা বাহিনীর ১৫টি টিম মাঠে থাকবে। এছাড়া পুলিশ ও ডিবি’র ষ্ট্রাইকিং ফোর্স, মোবাইল টহল টিমসহ র্যাবের পৃথক টিম নির্বাচনী মাঠে থাকবে।
এদিকে, জেলার প্রতিটি উপজেলায় ২ প্লাটুন করে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
